ফেনীতে পিটিআইয়ের প্রশিক্ষককে লাঞ্ছিত করায় বখাটের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) এক প্রশিক্ষককে লাঞ্ছিত এবং নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার দায়ে ইনস্টিটিউটের ভবন মেরামতকাজে নিয়োজিত ঠিকাদারের এক কর্মচারীকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে পিটিআইয়ের প্রশিক্ষক মো. মোস্তফাকে ইনস্টিটিউটের মেরামতকাজে নিয়োজিত ঠিকাদারের কর্মচারী মো. মানিক অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে মানিক প্রশিক্ষকের গলা চেপে ধরেন এবং দা দিয়ে তাঁকে কোপাতে উদ্যত হন। এ সময় প্রশিক্ষণার্থীরা এসে তাঁকে উদ্ধার করেন এবং মানিককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। প্রশিক্ষণার্থী শিক্ষকেরা অভিযোগ করেন, মানিক তাঁদের উত্ত্যক্ত করেন। প্রশিক্ষণার্থীরা বিষয়টি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগও করেন। এসব অভিযোগ শুনে তত্ত্বাবধায়কের কক্ষে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মানিককে দণ্ডাদেশ দেওয়া হয়। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।