ফেনীতে পুলিশের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে পুলিশের অভিযানে আহত এক ব্যক্তি গতকাল শনিবার মারা গেছেন। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর নাম ফকির আহম্মদ (৩৫)।
শুক্রবার রাত চারটার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে পুলিশের গুলিতে আহত হন ফকির আহম্মদ। গতকাল বেলা সাড়ে ১১টায় ফেনী সদর হাসপাতালে তিনি মারা যান।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবীর বলেন, ফকির আহম্মদ মাদক ব্যবসায়ী ছিলেন। শুক্রবার রাতে ছাড়াইতকান্দি গ্রামে ফকির আহম্মদের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ। এ সময় ফকির আহম্মদের দুই পায়ে গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফকির আহম্মদ মারা যান।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা বলেন, ফকির আহম্মদের দুই পায়ে শটগানের গুলি লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
তবে নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, বাড়িতে অভিযান চালিয়ে নিয়ে যাওয়ার সময় ফকির আহম্মদের দুই পায়ে পুলিশ শটগান ঠেকিয়ে গুলি করে।
ওসি হুমায়ূন কবীর বলেন, অভিযানে ফকির আহম্মদের বাড়ি থেকে ৮০৫টি ইয়াবা বড়ি, ১০ কেজি গাঁজা, হেরোইন ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ সময় ফকিরের দুই ভাই সালাহ উদ্দিন এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।