ফেনীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সমর্থকদের সংঘর্ষ
ফেনী শহরে গতকাল বুধবার বিকেলে জামায়াতে ইসলামী-ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই উপপরিদর্শকসহ (এসআই) অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ শিবিরের একজন কর্মীকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গ্রেপ্তারের এক বছর পরও মুক্তি না দেওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে শহরের ট্রাংক রোডের কোর্ট মসজিদ থেকে আসরের নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপর হামলা করে। এতে ফেনী থানা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম ও তৈমুর আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে জামায়াত-শিবিরের মিছিলে লাঠিপেটা করে। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দিকে চলে যায়। তাঁরা পথে চার-পাঁচটি গাড়ি ভাংচুর করে। পুলিশ ধাওয়া করে জুলফিকার হায়দার মাসুদ (২২) নামের একজন শিবির কর্মীকে আটক করে। সে ছাগলনাইয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র।জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু ইউছুপ অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে তাঁদের মিছিলে বাধা ও হামলা চালায়। এতে তাদের আটজন কর্মী আহত হন। তিনি পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. এয়াকুব আলী মিয়া দুই এসআই আহত ও একজন শিবিরকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেন।