ফেনীতে পৃথক অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই
ফেনীর ছাগলনাইয়া ও সোনাগাজীতে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি বসতঘরসহ বারোটি ঘর পুড়ে ভসঞ্চীভূত হয়েছে। এতে অন্তত ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। পুলিশ, দমকল বাহিনী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, গত সোমবার রাতে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গথিয়া সোনাপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০টি ঘর পুড়ে ভসঞ্চীভূত হয়ে যায়। ফেনী ও ছাগলনাইয়া থেকে দমকল বাহিনী এবং ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।ফেনী দমকল বাহিনীর ষ্টেশনমাস্টার মাহবুবল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। আগুনে প্রায় বিশ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। অপরদিকে গতকাল মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর এলাকার চর গণেশ গ্রামের আবদুর রশিদের একটি বসতঘর ও একটি রান্নাঘর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।