ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফাজিলপুর নামক স্থানে গতকাল বৃহস্পতিবার সকালে একটি ট্রাক পেছন থেকে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুছড়ে যায়। এ সময় গাড়ির যাত্রী এস এম জহির উদ্দিন ওরফে রিয়াদ (৩২) ঘটনাস্থলে মারা যান। তিনি রাজধানীর পল্লবীর বাসিন্দা ও একটি আবাসন কোম্পানির পরিচালক। দুর্ঘটনায় অপর একজন আহত হন। তাঁকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের সদর উপজেলার কাজিরদীঘি নামক স্থানে ট্রাকচালকের সহকারী সুজা মিয়া (৩২) ট্রাক থেকে নেমে চাকা পরীক্ষা করছিলেন। এ সময় অপর একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সুজা মিয়ার বাড়ি রংপুরের পীরগঞ্জে।
ফেনী মডেল থানার অধীন বোগদাদিয়া ফাঁড়ির পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বোগদাদিয়া ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।