ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার, লালপুল এবং ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ফেনী-পরশুরাম সড়কের মুন্সিরহাট ফতেপুর রাস্তার মাথা এলাকায় গতকাল দুপুরে সুমাইয়া আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি অটোরিকশা। দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়। তাকে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শদ। প্রায় একই সময়ে ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (২৬) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁর নাম এ কে এম সানা উল্যাহ (৫২)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহাঙ্গীর আলম লালপুল ও মোহাম্মদ আলী বাজার এলাকায় দুই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
এ ছাড়া গতকাল দুপুরে ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের দারোগারহাট রাস্তার মাথা এলাকায় দুটি অটোরিকশার সংঘর্ষে চারজন আহত হন। ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবুল খায়ের ওরফে মিন্টু মিয়া (৫২) নামের এক ব্যক্তি।