ফেনীতে পেট্রলবোমায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের পর শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল সোমবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যাত্রাসিদ্ধি এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। দগ্ধ হয়েছেন ভ্যানে থাকা অন্য আরেকজন। এ ছাড়া দেশের অন্য কোথাও বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
রাজধানীর মধ্যবাড্ডায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। কুমিল্লার মনোহরগঞ্জে ভাঙচুর ও মাগুরায় পেট্রলবোমা হামলা হয়েছে।
গত রোববার অনুষ্ঠিত ‘প্রহসনের নির্বাচন’ বাতিল এবং ভোটের আগে ও পরে নেতা-কর্মীদের ‘হত্যার’ প্রতিবাদে এ হরতাল ডাকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। হরতালের সঙ্গে দেশজুড়ে লাগাতার অবরোধ কর্মসূচিও চলছে।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজধানীতে গতকাল হরতাল-অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ককটেল বিস্ফোরণে দুটি শিশুর আহত হওয়ার ঘটনা ছাড়া ঢাকায় তেমন কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণে আহত দুই শিশুর নাম মোহাম্মদ ফাহিম (৮) ও মো. ইয়াসিন (৭)। সকালে মধ্যবাড্ডা এলাকায় শিশু দুটিকে দেখে তাদের হাতে বল তুলে দেয় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি। তারা বল ভেবে খেলা শুরু করলে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশু দুটি আহত হয়।
সরকারবিরোধী প্রচারণার সময় মো. সাইফুল্লাহ খালিদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকার দ্বীপ-শিখা স্কুলের গলি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাইফুল্লাহ নিজেকে সোহরাওয়ার্দী কলেজের ছাত্র বলে দাবি করেছেন।
এদিকে নির্বাচনের পর রোববার রাতে রাজধানীর দুটি স্থানে অভিযান চালিয়ে ৬৫টি পেট্রলবোমা, চারটি ককটেল ও বোমা তৈরির উপকরণসহ দুজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচল অন্য যেকোনো হরতাল-অবরোধের তুলনায় বেশি ছিল।
১৮-দলীয় জোটের অন্য শরিকদের কোনো মিছিল-সমাবেশ চোখে পড়েনি। নগরের ভেতরে গাড়ি চলাচল থাকলেও গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে সদরঘাট থেকে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে।
বরাবরের মতো বিএনপি ও জোটের নেতারা রাজপথে বের হননি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতা-কর্মী ছিলেন না।
বিকেলে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহউদ্দিন আহমেদ ও সহকারী একান্ত সচিব সুরতুজ্জামান খালেদা জিয়ার বাসায় যান। এ দুজনই সরকারি কর্মকর্তা। খালেদা জিয়ার গুলশানের কার্যালয়েও কাউকে দেখা যায়নি।
ফেনীর যাত্রাসিদ্ধি এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন সম্পর্কে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি কাভার্ড ভ্যানের চালক, না চালকের সহকারী, তা নিশ্চিত নয়। তা ছাড়া দগ্ধ ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মাগুরায় গতকাল দুপুর সোয়া ১২টার দিকে মাগুরা-যশোর সড়কে ভায়না মোড়ের অদূরে একটি টেম্পোতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা ভায়না মোড় এলাকায় তিনটি এবং প্রায় একই সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় আরও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই বাজারে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় ১০ ব্যক্তি আহত হন। হামলাকারীরা ছয়টি দোকানে ব্যাপক ভাঙচুর করে নগদ টাকাসহ মালামাল লুট করেন। চাঁদপুরে অনেক গাছ কেটে গতকাল ভোর থেকে চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা।