ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন গতকাল শনিবার প্রতিপক্ষের হামলায় পণ্ড হয়ে গেছে। এ সময় দুজন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিনের মুক্তির দাবিতে ফাজিলপুর বাজারের কলেজ ও মাদ্রাসা রোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে অপর চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুল হকের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় ইউপি সদস্য পদপ্রার্থী আমিনুর রহমান ও আবদুল শুক্কুরকে পিটিয়ে আহত করা হয়। এরপর তাঁরা আমিনুরের দোকান ভাঙচুর করে। আমিনুরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুল শুক্কুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মজিবুল হক মানববন্ধনে তাঁর সমর্থকদের হামলার কথা অস্বীকার করেছেন।জানা গেছে, গত বৃহস্পতিবার ইউপি নির্বাচনের দিন রুহুল আমিন, তাঁর দুই ছেলে, এক ভাই, এক ভগ্নিপতিসহ ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।ফেনী থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।