ফেনীতে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক খেলাপি কৃষিঋণের জন্য অর্থঋণ আদালতে দুই হাজার ৯৭০টি সার্টিফিকেট মামলা করেছে। এসব মামলার বিপরীতে খেলাপি ঋণ গ্রহীতাদের কাছে পাঁচ ব্যাংকের পাওনা পাঁচ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার টাকা। সম্প্রতি জেলা কৃষিঋণ কমিটির সভায় এ তথ্য উঠে আসে।ব্যাংক পাঁচটি হলো সোনালী ব্যাংক লি., অগ্রণী ব্যাংক লি., জনতা ব্যাংক লি., রূপালী ব্যাংক লি. ও বাংলাদেশ কৃষি ব্যাংক।সভার সূত্র জানায়, গত ২৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের অনিষ্পন্ন সার্টিফিকেট মামলার সংখ্যা দুই হাজার ১৩৯টি। কৃষি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ চার কোটি ৫৯ লাখ ৮১ হাজার টাকা। এর মধ্যে পরশুরাম উপজেলার দুটি শাখা (পরশুরাম বাজার শাখা ও বক্স মাহমুদ শাখা) খেলাপি ঋণের জন্য ৬১৩টি সার্টিফিকেট মামলা করেছে। এ ছাড়া ফুলগাজী উপজেলায় ৩৯৭টি, ছাগলনাইয়ায় ৪১৮টি, ফেনী সদরে ৩৫৬টি, দাগনভূঞায় ২২৯টি ও সোনাগাজী উপজেলায় ১২৬টি সার্টিফিকেট মামলা রয়েছে।জনতা ব্যাংক ২৭ লাখ ৭২ হাজার টাকা খেলাপি ঋণের জন্য সার্টিফিকেট মামলা করেছে ৪২১টি। এর মধ্যে সোনাগাজী উপজেলায় মামলার সংখ্যা ৩৫০টি। এ ছাড়া ফেনী সদরে ১৩টি, ফুলগাজীতে ৩১টি, ছাগলনাইয়ায় ২৩টি ও দাগনভূঞায় চারটি মামলা রয়েছে।অগ্রণী ব্যাংক ১৮ লাখ ২০ হাজার টাকার খেলাপি ঋণের জন্য সার্টিফিকেট মামলা করেছে ২৮১টি। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ১৪৪টি, ছাগলনাইয়ায় ৬২টি, সোনাগাজীতে ৩৮টি ও দাগনভূঞা উপজেলায় ৩৭টি সার্টিফিকেট মামলা রয়েছে।সোনালী ব্যাংক ১৩ লাখ সাত হাজার টাকার খেলাপি ঋণের জন্য মামলা করেছে ৬১টি। তার মধ্যে সোনাগাজীতে ৪৯টি, ফেনী উপজেলায় চারটি, পরশুরামে তিনটি ও ছাগলনাইয়ায় পাঁচটি মামলা রয়েছে। রূপালী ব্যাংক ১৬ লাখ ৫৭ হাজার টাকা খেলাপি ঋণের জন্য ৬৮টি সার্টিফিকেট মামলা করেছে। তার মধ্যে ফেনী সদর উপজেলায় ৫০টি ও সোনাগাজীতে ১৮টি মামলা রয়েছে।বাংলাদেশ কৃষি ব্যাংকের পরশুরাম বাজার শাখার ব্যবস্থাপক কাজী মো. মোস্তফা বলেন, পরশুরাম শাখার খেলাপি কৃষিঋণের জন্য ৩৫৩টি মামলা করা হয়। অনেক অসচ্ছল কৃষক ১৯৯৭-৯৮ সালে এসব কৃষিঋণ নেন। কিন্তু তাঁরা ঋণ পরিশোধ করেননি। ব্যাংক কর্তৃপক্ষ বারবার তাঁদের কাছে গিয়েও টাকা আদায় করতে না পেরে বাধ্য হয়ে মামলা করেছে।বাংলাদেশ কৃষি ব্যাংকের ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জসমত আলী বলেন, কৃষি ব্যাংক সবচেয়ে বেশি কৃষককে ঋণ দিয়ে থাকে। এ জন্য কৃষি ব্যাংকের মামলার সংখ্যাও বেশি।