ফেনীতে ফিলিং স্টেশনে হামলা, লুটপাট
দাবি করা চাঁদা না পেয়ে গত সোমবার রাতে সন্ত্রাসীরা ফেনীতে একটি ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় দুটি চাপাতিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার ও একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে।
পুলিশ ও ফিলিং স্টেশন সূত্র জানায়, ফেনী-নোয়াখালী সড়কের ফেনী পৌরসভার পাঁচগাছিয়া বাজার এলাকার প্রগতি ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ব্যবস্থাপকের কাছে স্থানীয় একদল সন্ত্রাসী কিছুদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ব্যবস্থাপক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। গত সোমবার দিবাগত রাত প্রায় একটার দিকে চার-পাঁচজন অস্ত্রধারী সন্ত্রাসী ওই ফিলিং স্টেশনে হামলা চালায়৷ সন্ত্রাসীরা ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধর করে ক্যাশবাক্স থেকে ৯০ হাজার ৭০০ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে টহল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফিলিং স্টেশনের কর্মচারীদের সহযোিগতায় জিয়া উদ্দিন রিসেল (২৭) নামের এক সন্ত্রাসীকে দুটি চাপাতিসহ গ্রেপ্তার ও সন্ত্রাসীদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে।
এ ঘটনায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক গোলাম মোস্তফা ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ ফিলিং স্টেশনে হামলা ও লুটের ঘটনায় একজন গ্রেপ্তার ও একটি অটোরিকশা আটক এবং মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।