ফেনীতে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ, তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন সড়কে অবৈধভাবে ফুটপাত দখলকারী হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদসহ তিনজনকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. রাশেদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেমের নেতৃত্বে চারজন নির্বাহী হাকিম মো. রাশেদুর রহমান, আবদুল কাদের মিয়া, মো. মহসিন মৃধা ও শফিকুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত শহরের ট্রাংক রোড ও মহাসড়কের মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ৫০ জন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা করার অভিযোগে উচ্ছেদ এবং ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া মহিপাল এলাকার তিনজন ক্ষুদ্র ব্যবসায়ী আলা উদ্দিন, জহির আহম্মদ ও মো. ইদ্রিছকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

এ ছাড়া সড়কের ওপর রাখা কিছু লোহার রড ও বাঁশ তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে।