ফেনীতে বখাটের তিন মাসের দণ্ড
ফেনীতে এক কলেজছাত্রীর ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে নানাভাবে প্রচারের অভিযোগে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়, কলেজছাত্রীর ছবি তুলে প্রচারের অভিযোগে গতকাল শনিবার রাশেদ আনসারী (২৪) নামের এক বখাটেকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করে। রাশেদ ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর গ্রামের নুর আলম আনসারীর ছেলে। রাশেদ পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রীর ছবি তুলে তার সঙ্গে নিজেকে জড়িয়ে বন্ধুদের মাঝে ও অন্যান্য স্থানে প্রচার করেন। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থী ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ফেনী থানার পুলিশ ওই বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে। আদালত তাঁর ও তাঁর কয়েকজন বন্ধুর মুঠোফোনে খোঁজাখুঁজি করে ছবিগুলো উদ্ধার করে। পরে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহামঞ্চদ মনসুর উদ্দিন এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড প্রদান ও কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।