ফেনীতে বন কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
ফেনীতে কর্মরত বন বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও কাঠ ব্যবসায়ীদের অন্যায়ভাবে হয়রানির অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে প্রণব ভৌমিক নামের একজন ব্যবসায়ী ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রণব ভৌমিকের অভিযোগে বলা হয়, তাঁরা বিদেশ থেকে আমদানি করা কিছু কাঠ ঢাকার জুরাইন এলাকার কাঠ ব্যবসায়ী মোহামঞ্চদ শহীদ মিয়ার কাছে বিক্রি করেন। ওই কাঠ গত ২৭ এপ্রিল একটি ট্রাকযোগে ঢাকা নেওয়ার পথে ফেনীর বন বিভাগীয় কর্মকর্তা সেগুলো আটক করে বিভাগীয় বন অফিসে নিয়ে যায়। এ সময় কাঠগুলো দ্রুত ট্রাক থেকে নামিয়ে (আনলোড) ফেলেন। কিন্তু বারবার বলার পরও বন কর্মকর্তারা আটক করা কাঠের ও ট্রাকের কোনো জব্দ তালিকা তৈরি করেননি। তাঁদের কাঠ আটকের কোনো কপিও দেননি। আটক করা কাঠের দাম এক লাখ ৮৫ হাজার টাকা বলে দাবি করা হয়। অভিযোগে আরও বলা হয়, বন বিভাগের কর্মকর্তারা বেআইনিভাবে লাভবান হতে এভাবে তাঁদের হয়রানি করছেন। এতে করে ভাড়া করা ট্রাকের জন্যও তাঁদের লোকসান গুনতে হচ্ছে। এর আগেও বন বিভাগীয় কর্মকর্তারা কয়েকবার এ রকম হয়রানিমূলক আচরণ করেছেন। এদিকে ওই ব্যবসায়ী ফেনী বিভাগীয় বন কর্মকর্তা এবং তাঁর অধীনে অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে পরিবেশ ও বনসচিব, পরিবেশ ও বনমন্ত্রী এবং প্রধান বন সংরক্ষক বরাবর লিখিত আবেদন করেছেন। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট কাঠ ব্যবসায়ী সমিতি ও সোনাগাজী কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও প্রধান বন সংরক্ষক বরাবর ঘুষ, দুর্নীতি এবং অকারণে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ করা হয়েছে।বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বৈধ কাগজপত্র না থাকায় কাঠগুলো আটক করা হয়েছে। তিনি তাঁর বিরুদ্ধে আনীত আর্থিকভাবে লাভবান হওয়া ও কোনো ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে করা জিডির তদন্ত শুরু হয়েছে।