ফেনীতে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দুই ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী ইউএনও মোহাম্মদ মিনহাজুর রহমানের তৎপরতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে স্কুল ও মাদ্রাসার দুই ছাত্রী।
গত বৃহস্পতিবার উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের একটি গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে সোনাগাজী পৌরসভার বাখরিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে মো. সুজনের বিয়ের দিন ধার্য হয়। একই দিন আরেকটি গ্রামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে একই গ্রামের আবদুল হালিমের ছেলে আরিফুল ইসলামের বিয়ের দিনও ধার্য হয়।
খবর পেয়ে ইউএনও মিনহাজুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ও একজন ইউপি সদস্যকে দুই মেয়ের বাড়িতে পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেন।
চর চান্দিয়া ইউপির সদস্য নূর হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে ওই দুই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে দুটিকে বিয়ে দেওয়া হবে না মর্মে তাদের মা-বাবার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
ইউএনও মিনহাজুর রহমান বলেন, এখন ওই দুই শিক্ষার্থী আবারও স্কুল ও মাদ্রাসায় যাবে। লেখাপড়া করবে।