ফেনীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে আজ সোমবার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন। আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন মুহুরীগঞ্জ সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালকের সহকারী আজিজুর রহমান ও বাসযাত্রী মো. রিপন। আজিজুরের বাড়ি বগুড়ার বকুল এলাকায় আর রিপন নাটোরের বরাইগ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।