ফেনীতে বাসচাপায় ছাত্রলীগের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার লালপুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার বাসচাপায় মো. আরাফাত হোসেন (২৪) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন।
আরাফাতের বাড়ি সদর উপজেলার কালীদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনিয়া গ্রামে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আরাফাত লালপুল এলাকায় সড়ক পারাপারের সময় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা একটি বাস ও একটি ট্রাকের কাচ ভাঙচুর করেন। এ সময় অন্তত আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।