ফেনীতে বাসচালক নিহতের ঘটনায় দুই ডাকাত আটক
ফেনীতে ডাকাতদের গুলিতে যাত্রীবাহী বাসের চালক আবু তাহের নিহত হওয়ার ঘটনায় পুলিশ গতকাল শনিবার আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে ডাকাতির চেষ্টাকালে ব্যবহূত একটি পিকআপও গতকাল উদ্ধার করা হয়।
ডাকাতি চেষ্টার ঘটনা নিয়ে গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘জীবন দিয়ে যাত্রীদের রক্ষা করলেন বাসচালক’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে।
ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, ফেনী শহরের দাউদপুর সেতুর কাছে বাস ডাকাতির চেষ্টায় ব্যবহূত পিকআপটি (চট্ট-মেট্রো-১১-০৩৩৮) ডাকাত দলের একজন সদস্য শুক্রবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বিক্রি করতে নিয়ে যান। স্থানীয় পুলিশের সহযোগিতায় ফেনী থানার পুলিশ গতকাল ভোরে সেখান থেকে পিকআপটি উদ্ধার এবং সুয়াগাজীর ধনপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে আন্তজেলা ডাকাত দলের সদস্য মো. শাহীনকে (২৬) আটক করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী একই সময় ডাকাত দলের আরেক সদস্য লালবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আতিককেও (২২) আটক করা হয়।
পুলিশ জানায়, ওই দুজনের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গতকাল দিনভর তাঁদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তাঁদের জিজ্ঞাসাবাদও অব্যাহত রয়েছে।
এদিকে উদ্ধার হওয়া পিকআপের মালিক শাহাদাত হোসেনের দাবি, তিনি বৃহস্পতিবার রাতে পিকআপটি নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর চৌমুহনী যাচ্ছিলেন। পথে ডাকাতেরা ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞার সিলোনিয়া বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি ছিনতাই করে। ডাকাতেরা তাঁকে ও তাঁর পিকআপের চালক মিজানকে হাত-পা বেঁধে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের শাহপুর গ্রামে নিয়ে ফেলে আসে। সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার হয়ে শুক্রবার তিনি দাগনভূঞা থানায় একটি মামলা করেন। ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ দুই ডাকাত আটক ও পিকআপ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।
বাসে ডাকাতির চেষ্টা ও চালক আবু তাহেরকে হত্যার ঘটনায় বাসটির সুপারভাইজার মো. শাহ আলম বৃহস্পতিবার রাতেই বাদী হয়ে ফেনী থানায় একটি হত্যা মামলা করেন। চালক আবু তাহের ও তাঁর সহকারী মো. হুমায়ুনের সাহসিকতায় ওই রাতে বাসের ৩২ জন যাত্রী ডাকাতদের হাত থেকে রক্ষা পান।