ফেনীতে বিএডিসির কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ফেনীর মহিপাল সার গুদামরক্ষক আবদুল হাইয়ের বিরুদ্ধে ১ হাজার ৪০০ মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
বিএডিসির (সার) নোয়াখালীর যুগ্ম পরিচালক মো. ইসবাত গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী সদর মডেল থানায় এই মামলা করেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক মো. তালেবুর রহমান, বিএডিসি (সার) ফেনীর উপপরিচালক রুহুল আমিন উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করবে।
এজাহারে বলা হয়, বিএডিসির মহিপাল সার গুদামরক্ষক আবদুল হাই ২০১০ সালের ৩০ মার্চ থেকে ২০১৬ সালের ৩ আগস্ট পর্যন্ত ফেনীর মহিপালের সার গুদামের দায়িত্বে ছিলেন। গত ২ মার্চ বিএডিসির প্রধান কার্যালয় থেকে মহিপাল সার গুদামের হিসাব ও তথ্য-উপাত্ত নিরীক্ষণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা ২০১০ সালের ৩০ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সময় মহিপাল সার গুদামের হিসাব নিরীক্ষণ করেন। এ সময় ১ হাজার ৪১৩ মেট্রিক টন সারের হিসাব পাওয়া যায়নি। এর মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৪ লাখ ৫০ হাজার ৯৪০ টাকা।
মন্ত্রণালয়ের অনুমোদনের পর ৩ আগস্ট বিএডিসির মহিপাল সার গুদামরক্ষক ও উপসহকারী পরিচালক আবদুল হাইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক মামলাটির তদন্ত করবেন।