ফেনীতে বিএনপির ইফতার পার্টিতে ভাঙচুর, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা বিএনপির ইফতার পার্টিতে গতকাল শনিবার দাওয়াত না দেওয়ার অভিযোগে একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এতে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বেশ কটি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত (এসএসকে সড়ক) একটি কমিউনিটি সেন্টারে গতকাল বিকেলে জেলা বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই জেলা বিএনপির সভাপতি সাঈদ এস্কান্দারের উপস্থিতিতে বিকেল পাঁচটার দিকে ইফতার পার্টি-পূর্ব আলোচনা সভা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন নেতা-কর্মী দাঁড়িয়ে তাঁদের কেন দাওয়াত দেওয়া হয়নি তা জানতে চান। এই নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। একপর্যায়ে হাতাহাতি। এরপর চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি। এ সময় নেতা-কর্মীদের বেশির ভাগ ভীতসন্ত্রস্ত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন এবং চলে যান। সংঘর্ষে জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, বিএনপির সদর থানা কমিটির সদস্য নুরুল করিমসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাঈন উদ্দিন আনসারী প্রথম আলোকে বলেন, তিনি নিজে জেলা বিএনপির সদস্য হয়েও দাওয়াত পাননি। এ ছাড়া জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও দাওয়াত দেওয়া হয়নি। তাঁরা বিষয়টি জানতে চাইলে উল্টো তাঁদের ওপর হামলা চালানো হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, তাঁদের ইফতার পার্টির পাশের অপর একটি কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের ইফতার পার্টি ছিল। তাঁদের কিছু কর্মী ভুলক্রমে বিএনপির ইফতার পার্টিতে চলে আসেন। তাঁরা কেন এসেছে তা নিয়েই মূলত ভুল-বোঝাবুঝি ও হট্টগোলের সৃষ্টি হয়। এই সময় কিছু নেতা-কর্মী অবশ্য না বুঝে চলে যান। দলের ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দাওয়াত না দেওয়ার কথা তিনি অস্বীকার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাদের বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।