ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। এতে বিএনপির দুই নেতাসহ ১২ জনকে আসামি করা হয়েছে।আসামিরা হলেন ফেনী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল এবং জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক গোলাম কিবরিয়া মজুমদার। অপর ১০ আসামির নাম উল্লেখ করা হয়নি। রফিকুল ইসলাম নিজে এ মামলা করেছেন। পুলিশ গত দুই দিনে আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল কাদের মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে আসামিরা পলাতক। ফেনী সদর হাসপাতালের আরএমও হাসিনা আক্তার জানান, সাংবাদিক রফিকের অবস্থার উন্নতি হচ্ছে।গত বুধবার রাতে ফেনী প্রেসক্লাবের সামনে রফিকুল ইসলামের ওপর হামলা চালান বিএনপির নেতা ফজলুর রহমান বকুল ও গোলাম কিবরিয়া মজুমদারের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী। রফিকুল আমার দেশ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের জেলা প্রতিনিধি।