চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ ও ফেনীর জনসভা সফল করতে গতকাল রোববার বিকেলে ফেনীতে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের লাতু মিয়া কমপ্লেক্স চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু তাহের। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। সভায় বক্তব্য দেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব বরকত উল্লা, মোহাম্মদ শাহজাহান ও মাহবুবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন, জয়নাল আবদীন, আবুল খায়ের ভূঞা, রেহানা আক্তার রানু ও রাশেদা বেগম হিরা, বিএনপির কেন্দ্রীয় নেতা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, নাজিমউদ্দিন আলম, সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রমুখ। এ ছাড়া সভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপি, যুবদল ছাত্রদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।এম কে আনোয়ার বলেন, খালেদা জিয়ার চট্টগ্রাম রোডমার্চ ও ফেনীর জনসভায় সর্বাধিক জনসমাগমের মাধ্যমে ফেনী থেকে দেশবিরোধী সরকার পতনের আন্দোলনের সূচনা করা হবে। বৃহত্তর নোয়াখালীর এ সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।