চট্টগ্রাম অভিমুখী বিএনপির রোডমার্চ সফল করার লক্ষ্যে গত বুধবার রাতে ফেনীতে অনুষ্ঠিত সমন্বয় সভায় হট্টগোল হয়েছে। এতে একপর্যায়ে সভা পণ্ড হওয়ার উপক্রম হয়। এ সময় কয়েকজন নেতা-কর্মী নাজেহাল হন। এদিকে, দলটির স্থায়ী কমিটির সদস্য ও রোডমার্চের প্রধান সমন্বয়ক এম কে আনোয়ার বলেছেন, তাঁদের এই কর্মসূচি বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের সম্মিলিত অনাস্থার বহিঃপ্রকাশ।বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ৮ ও ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ উপলক্ষে গত বুধবার ফেনী সার্কিট হাউসে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় রোডমার্চের প্রধান সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হট্টগোল হলে তা পণ্ড হওয়ার উপক্রম হয়। রোডমার্চের প্রথম দিন ফেনীতে অনুষ্ঠেয় জনসভা সফল করতে প্রস্তুতিমূলক এই সভা অনুষ্ঠিত হয়।সাংসদ রেহানা আক্তার রানুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংসদ এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, দলের যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু, সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও সাংসদ জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)। উপস্থিত ছিলেন সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোহাম্মদ শাহজাহান, মেজর জেনারেল রুহুল আমিন, রিজভী আহমেদ, ফেনী জেলা সম্পাদক জিয়া উদ্দিন প্রমুখ।প্রত্যক্ষদর্শীরা জানান, সভার একপর্যায়ে ফেনীর দাগনভূঁঞা ও সোনাগাজী উপজেলার নেতারা তাঁদের সমস্যার কথা বলার জন্য উঠে দাঁড়ালে কিছু নেতা-কর্মী তাতে বাধা দেন। এ নিয়ে শুরু হয় তর্কাতর্কি, ধাক্কাধাক্কি ও হাতাহাতি। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সভায় এম কে আনোয়ার বলেন, বেগম খালেদা জিয়ার ওপর জাতীয় দায়িত্ব বর্তেছে দেশ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেতৃত্ব প্রদান করার। দলীয় নেতা-কর্মীদের প্রতি সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রোডমার্চ ও জনসভা সফল করার পাশাপাশি ক্ষমতাসীনদের হটাতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ফেনীর সাংসদ ভিপি জয়নাল বলেন, গত কয়েক দিনে ফাজিলপুরের ভূঁঞার হাট এলাকায় নিজেদের মধ্যে অস্ত্রবাজির ঘটনা ঘটেছে। সভায় হট্টগোল হয়। এসব বন্ধ করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে কোনো রকম ফায়দা লোটার সুযোগ দেওয়া যাবে না।সভায় আবদুল আউয়াল মিন্টু তাঁর বক্তব্যে মহাসড়কের ফেনী অংশে কম তোরণ নির্মাণ হতে দেখে ক্ষোভ প্রকাশ করেন।