ফেনীতে বিএনপির সম্মেলনস্থলে অগ্নিসংযোগ, সম্মেলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত ওই কমিউনিটি সেন্টারটিতে আগুন দেওয়া হয়। গতকাল বুধবার সেখানে ফেনী জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন হওয়ার কথা ছিল।
অগ্নিকাণ্ডের ঘটনার পর সম্মেলন স্থগিত করা হয়। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন দলের নেতা-কর্মীদের কেউ কেউ।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে সরকারবিরোধী আন্দোলন গতিশীল করার জন্য কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গতকাল বিকেলে ফেনী জেলা বিএনপির এক প্রতিনিধি সম্মেলন ওই কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টু, সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন, দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রমুখ উপস্থিত থাকার কথা ছিল। মঙ্গলবার রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ওই কমিউনিটি সেন্টারে অগ্নিসংযোগ করে। আগুনে আসবাবসহ গণমিলনায়তনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এরপর ওই প্রতিনিধি সম্মেলন স্থগিত করা হয়। ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সভা স্থগিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে দলের কয়েকজন নেতা-কর্মী জানান, বেগম খালেদা জিয়ার ছোট ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাঈদ এস্কান্দর সমর্থক বর্তমান কমিটি ও জেলার বর্তমান দুই সাংসদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ছাড়া ছাত্রদলের কমিটি নিয়ে দ্বন্দ্ব এবং সর্বশেষ জেলা যুবদলের সভাপতিকে পদ থেকে স্থগিত করার বিষয় নিয়েও সম্প্রতি অভ্যন্তরীণ বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা-কর্মী বলেন, অভ্যন্তরীণ বিরোধের জের ধরেই সম্মেলনস্থলে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি।