ফেনী জেলা সদরের নাজির রোডে গত ৩ জানুয়ারি সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪০ নেতা-কর্মীসহ ৪৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানায় ওই মামলা করা হয়। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন গতকাল শনিবার স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত একটি অভিযোগ বিলি করেন। এতে অভিযোগ করা হয়, ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় ফেনী পৌরসভা নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারি দল ও প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র শুরু করেছে। এতে পরশুরাম পৌরসভার মতো ফেনী ও সোনাগাজীতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়।অভিযোগে বলা হয়, গত ৩ জানুয়ারি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শহরের নাজির রোডে দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হন। বিষয়টি ফেনীর স্থানীয় সংবাদিকসহ অনেকেই জানেন। কিন্তু ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের নয়জন নেতা-কর্মীর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের ৪০ জনকে আসামি করে মামলা করা হয়। পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীকে পরাজিত করার নীলনকশার অংশ হিসেবে দলীয় নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। মামলার বাদী আহত ছাত্রলীগ কর্মী জাহিদ হোসেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন অভিযোগ করেন, নির্বাচনের আগে তাঁদের অন্য কর্মীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করে একতরফা নির্বানের পাঁয়তারা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক ও দলনিরপেক্ষ হতে হবে। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল দাবি করেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কাদের আসামি করা হয়েছে—সেটা মামলার বাদীই ভালো জানেন। বাদী নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করলেও সংগঠনের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।