ফেনীতে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ বদরপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) মধ্যে গতকাল সোমবার দুপুরে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার বন্ধসহ দুই দেশের মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।
বিজিবি সূত্র জানায়, ভারত সীমান্তসংলগ্ন বাংলাদেশের বদরপুর গ্রামে গত সেপ্টেম্বর মাসে রাস্তা নির্মাণকাজে বাধা দেয় বিজিবি। সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে এই রাস্তা করা হচ্ছে—এমন অজুহাত তুলে বাধা দেয় বিএসএফ। এ নিয়ে গতকাল বাংলাদেশ ও ভারতের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ফেনীর ৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার, সহকারী পরিচালক এ বি এম জাহাঙ্গীর আলম এবং ভারতের পক্ষে ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মনোজ কুমার বর্ণওয়াল, সিদ্ধিনগর কোম্পানি কমান্ডার পি এস নেগি উপস্থিত ছিলেন।
লে. কর্নেল শামীম ইফতেখার জানান, বৈঠকে সড়কটি নির্মাণে ইতিবাচক সাড়া দিয়েছে বিএসএফ। তিনি বলেন, ফুলগাজী উপজেলার গিল্লাবাড়ি থেকে বদরপুর-কামাল্লা সড়কটির দূরত্ব সাড়ে তিন কিলোমিটার। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সড়কের উন্নয়নকাজ শুরু করে। এটি সীমান্ত পিলারের খুব কাছাকাছি—এ অজুহাতে দক্ষিণ বদরপুর এলাকায় বিএসএফ সদস্যরা ৪৫০ মিটার সড়কের নির্মাণকাজে বাধা দেয়।