ফেনীতে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা
ফেনী বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার বিজ্ঞানমনস্ক শিক্ষকেরা অংশ নেন। ফেনী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আরিফ।
সভায় ফেনী বিজ্ঞান ক্লাবের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন ক্লাবের আহ্বায়ক শাহেদুল ইসলাম কাওসার, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, কাজী মো. ইস্রাফিল, ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষক আফতাব উদ্দিন, ছাগলনাইয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মোহছেনা বেগম, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, ফুলগাজী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ। সভায় বক্তারা ফেনী বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গণিত উৎসব, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।