ফেনীতে বিদেশি পিস্তলসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের রামপুর এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ছিনতাইকালে র‌্যাবের সদস্যরা সাজ্জাদ হোসেন পারভেজ (৩২) নামের এক ছিনতাইকারীকে একটি বিদেশি পিস্তল, একটি ধারালো ছোরাসহ গ্রেপ্তার করেছেন। এ সময় তাঁর অপর সহযোগী দুই ছিনতাইকারী পালিয়ে গেছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, গতকাল শুক্রবার দুপুরে আবুল বাশার নামের এক সৌদি-প্রবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা নামক স্থান দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁর পকেটে থাকা টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। তাঁর চিৎকারে র‌্যাবের একটি টহল দল দ্রুত এগিয়ে যায় এবং সাজ্জাদ হোসেন পারভেজ (৩২) নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে। র‌্যাবের সদস্যরা তাঁর কাছ থেকে একটি ৯এমএম বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ছয়টি গুলি, একটি ধারালো ছোরা এবং ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোনসেট উদ্ধার করেন। এ ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একটি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।