ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, আহত ১
ফেনীতে বিদ্যুতের ১৩২ হাজার কেভি সঞ্চালন লাইনের সঙ্গে স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু ও একজন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়া গ্রামে গতকাল সোমবার সকালে বেলাল হোসেন (২৬) নামের এক ব্যক্তি একটি ইউক্যালিপটাসগাছ কাটতে যান। গাছটি ছিল লম্বা। এর পাশে ছিল পাওয়ার গ্রিড কোম্পানির ঢাকা-চট্টগ্রাম ১৩২ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন। গাছটি যাতে বিদ্যুৎ লাইনের ওপর না, সে জন্য একটি মোটা রশি এর মাথায় বেঁধে বেলাল হোসেন টেনে ধরেন। এ সময় আবদুল হালিম (৩৫) নামের অন্য একজন গাছের গোড়া কাটছিলেন। একপর্যায়ে গাছটি বিদ্যুৎ লাইনের ওপরই গিয়ে পড়ে। ভেজা রশির কারণে তাৎক্ষণিকভাবে বিদ্যুতে ঝলসে মারা যান বেলাল হোসেন এবং আহত হন আবদুল হালিম। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।