ফেনীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে গতকাল শনিবার সকালে ফেনী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিজান রোডে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।
সভায় ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, অটিজম সচেতনতায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অটিজম শিশুরা সমাজের বোঝা নয়। অটিজম সম্পর্কে মানুষকে সচেতন করতে সরকার বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, সুইড বাংলাদেশ ফেনী শাখার সভাপতি কামাল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সমীর চন্দ্র কর, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম। সঞ্চালনা করেন সুইড বাংলাদেশ ফেনী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ ছাড়া ফেনী সদর হাসপাতালের চিকৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অটিজম সচেতনতা নিয়ে পৃথক শোভাযাত্রা ও সভার আয়োজন করেন।