ফেনীতে বিশ্ব নাট্য দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিশ্ব নাট্যদিবস উপলক্ষে নাট্য সংগঠন ফেনী থিয়েটার ও কিশোর থিয়েটারের আয়োজনে দুটি পথনাটক মঞ্চস্থ হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের জহির রায়হান মিলনায়তনের মাঠে অর্জুন চত্বরের মুক্তমঞ্চে নাটকগুলো মঞ্চস্থ হয়।
কিশোর থিয়েটার পরিবেশিত নাটক থাবার বিষয়বস্তু ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের নানা ঘটনাপ্রবাহ। জামশেদ আলমের রচনা ও মোজাম্মেল হোসেন টিপুর নির্দেশনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাপ্পি পোদ্দার।
নাটকের উপযোগী মঞ্চ ও মিলনায়তন নেই, তবু থেমে নেই নাট্যচর্চা। এমন কাহিনি নিয়ে মঞ্চস্থ হয় ফেনী থিয়েটারের নাটক মহড়া। ফজলুল হক রচিত এই নাটকের নির্দেশনা দেন সাজ্জাদুল ইসলাম। এর আগে বিশ্ব নাট্যদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী রাশেদ মাযহার। নাট্যকর্মী সুমন মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফেনী জেলা সভাপতি মাহবুব আলতামাস, নাট্যজন নাসিরুদ্দীন সাইমুন, কবি ও গীতিকার মুহাম্মদ ইকবাল চৌধুরী এবং লালন একাডেমির সভাপতি মোহাম্মদ উল্লাহ।
বক্তারা বলেন, আট বছর আগে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ফেনীর একমাত্র সংস্কৃতিক চর্চাকেন্দ্র জহির রায়হান মিলনায়তন পুনর্নির্মাণের নামে ভেঙে ফেলা হয়। অথচ আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো মিলনায়তনটি পুনর্নির্মাণ করা হয়নি। ভবন তৈরির জন্য মন্ত্রণালয় থেকে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ পাওয়া গেলেও ওই টাকা ব্যাংকে অলস পড়ে রয়েছে।