ফেনীতে বৃদ্ধ খুন, স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে অভিযোগ
ফেনী সদর উপজেলার উজালিয়া গ্রামে গতকাল শনিবার আবুল হোসেন নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও চার সন্তান তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকাবাসী ওই বৃদ্ধের স্ত্রী ও দুই সন্তানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এরা হলেন নিহত আবুল হোসেনের স্ত্রী খুরশিদা আক্তার (৫০), ছেলে জহিরুল ইসলাম (৩২) ও মেয়ে তাহমিনা সুলতানা (১৮)। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় উজালিয়া গ্রামের গ্রাম পুলিশ আবদুল জব্বার উল্লিখিত তিনজনকে আসামি করে ফেনী সদর থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবুল হোসেন দীর্ঘ প্রায় ২৪ বছর সৌদি আরবে ছিলেন। তিন মাস আগে দেশে ফিরেন। আয় রোজগার না থাকায় তাকে হাত খরচের জন্য স্ত্রী ও ছেলের কাছে টাকা চাইতে হতো। এ নিয়ে স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গে তাঁর বেশ কয়েকবার ঝগড়া হয়। এ কারণে তিনি কয়েকদিন আগে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন। নিহত আবুল হোসেনের ভাই সিরাজুল ইসলাম অভিযোগ করেন, গতকাল সকালে নিজ বাড়িতে গেলে স্ত্রী ও সন্তানেরা তাঁর ভাই আবুল হোসেনকে পিটিয়ে হত্যা করেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই বাড়িতে সমবেত হয়। এলাকাবাসী এ সময় উত্তেজিত হয়ে আবুল হোসেনের স্ত্রী ও ছেলেমেয়েদের ঘর থেকে টেনে বের করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফেনী থানাহাজতে আটক আবুল হোসেনের স্ত্রী খুরশিদা আক্তার জানান, তিনি ও সন্তানেরা তাঁর স্বামীকে হত্যা করেননি। তিনি দাবি করেন, স্বামীই তাঁর ওপর হামলা চালিয়েছেন।ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বৃদ্ধ আবুল হোসেনের স্ত্রী ও দুই ছেলেমেয়েকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করেছেন।