ফেনীতে বোতলে করে পেট্রল বিক্রি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে খোলাবাজারে বোতলে করে পেট্রল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার পর সিদ্ধান্তটি জেলার সব ফিলিং স্টেশনের মালিক ও ডিলারকে জানিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি হরতাল-অবরোধকে কেন্দ্র করে জেলায় বেশ কিছু পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
সভায় জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন শিক্ষক সম্প্রতি নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং আরও কিছু শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে। এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট
অভিযোগ পাওয়া যাবে, তদন্ত করে তাঁদের বেতন-ভাতা বন্ধসহ এমপিওভুক্তি বাতিলের ব্যবস্থা করা হবে।
সভায় অবরোধ-হরতালে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মসজিদের ইমামদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় পুলিশ সুপার মো. রেজাউল হকসহ বিজিবি ও র্যাবের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, ফিলিং স্টেশনের মালিক, সাংবাদিক প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।