ফেনীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৫
ফেনীতে গত মঙ্গলবার রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় লোকজন তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ফের পুলিশ আরও দুজনকে আটক করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার গভীর রাতে ফেনী সদর উপজেলার ঘাঘরা গ্রামে একদল সংঘবদ্ধ চোর পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুঁটি থেকে খুলে নিচে নামিয়ে আনে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে ট্রান্সফরমার চোর দলটিকে ঘেরাও করে তিনজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে গণপিটুনি দিয়ে ওই তিনজনকে ফেনী থানা পুলিশে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই তিনজনের স্বীকারোক্তির সূত্র ধরে পুলিশ আরও দুজনকে আটক করে। আটক পাঁচজন হলেন: মফিজ (৩৫), সাহাব উদ্দিন (২৫), মহিউদ্দিন (২০), নেজাম উদ্দিন (২৪) ও মো. জামশেদুল খান (৪২)। এ ঘটনায় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মো. সুলতান মবিন বাদী হয়ে ফেনী থানায় একটি মামলা করেছেন। ফেনী থানার উপপরিদর্শক (এসআই) শেখ কাওসার জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক পাঁচজনকে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।