ফেনীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত
ফেনীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে বাদশা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আবু তাহের নামের অপর এক ব্যক্তি আহত হন।পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে বোমা বিস্ফোরণে আহত বাদশা (২৭) ও আবু তাহেরকে (২৯) কেউ শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত উপশম হাসপাতালের সামনে ফেলে যায়। ফেনী থানার পুলিশ তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।নিহত বাদশার বাড়ি ফেনী পৌরসভার উত্তর শিবপুর গ্রামে। আহত আবু তাহেরের বাড়ি চট্টগ্রামে।ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু তাহের সাংবাদিকদের জানান, তিনি চট্টগ্রাম শহরে রিকশা চালান। নিহত বাদশা তাঁর ভায়রা। গত রোববার রাতে তিনি চট্টগ্রাম থেকে ভায়রার বাড়িতে বেড়াতে আসেন। রাত ১২টার দিকে বাদশা তাঁকে নিয়ে ফেনী শহরের জিএ একাডেমি হাইস্কুলের পাশে ফারুক হোটেলের সামনে যান। সেখান থেকে তাঁরা একটি মাইক্রোবাসে করে অন্য এক জায়গায় যান। সেখানে একটি ঘরের ভেতরে বাদশা বোমা বানাতে শুরু করেন। একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। এতে তাঁরা দুজন আহত হন। তিনি জানান, বোমা তৈরির সময় সেখানে চার-পাঁচজন লোক ছিল।তবে বোমা বিস্ফোরণের জায়গাটি কোথায়, আবু তাহের তা জানাতে পারেননি। নিহত বাদশার স্ত্রী মরিয়ম আক্তার জানান, রোববার রাতে শহরের একাডেমি এলাকার ভাড়া বাসা থেকে বাদশাকে জাহিদ নামের এক ব্যক্তি ডেকে নিয়ে যান। সকালে তিনি স্বামীর মৃত্যুর খবর পান।ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত বাদশার স্ত্রী ফুলগাজী থানায় একটি মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। ঘটনার স্থান ও নেপথ্য নায়কদের খুঁজে বের করা হবে।