ফেনীতে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের খাজা আহম্মদ সড়কের ‘আবেদীন জুয়েলার্স’ নামে একটি সোনার দোকানে আজ সন্ধ্যায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা শহরে অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এই ডাকাতি করে।

এ ঘটনায় জড়িত অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মিয়ার বাজার এলাকা থেকে মাইক্রোবাসসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার করেছে।
ডাকাতির ঘটনার প্রতিবাদে এবং ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতি আগামীকাল রোববার জেলায় ধর্মঘট ডেকেছে।
সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আরিফুল হোসেন ধর্মঘট সফল করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে হঠাত্ শহরের ট্রাংক রোডের খেজুর চত্বরে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটতে শুরু করে। ব্যবসায়ীসহ সাধারণ লোকজন এটাকে রাজনৈতিক সহিংসতা মনে করে দোকানপাট বন্ধ করে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় সশস্ত্র ডাকাত দল আবেদীন জুয়েলার্সে ঢুকে মাত্র সাত-আট মিনিটের মধ্যে সবগুলো শোকেস ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরে পড়ে ডাকাতেরা। ডাকাতদের ওই দলটি চলে যাওয়ার পর ঘটনা জানাজানি হয়।
আবেদীন জুয়েলার্স ফেনীর একটি পুরোনো এবং বড় সোনার দোকান।
ডাকাতির সময় কী পরিমাণ স্বর্ণালংকার ডাকাতেরা নিয়ে গেছে, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ জানান, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সমর্থ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, দুজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে এবং লুণ্ঠিত মালামালও উদ্ধার করা যেতে পারে।