ফেনীতে বোমাবাজি করে স্বর্ণের দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের কেন্দ্রস্থল খাজা আহমঞ্চদ সড়কের একটি স্বর্ণের দোকানে গতকাল শনিবার ডাকাতি হয়েছে। ডাকাতেরা অন্তত ৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকানে লুটপাট চালিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে হঠাৎ শহরের ট্রাংক রোডের খেজুর চত্বরে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটতে শুরু করে। স্থানীয় লোকজন একে রাজনৈতিক সহিংসতা মনে করে ছোটাছুটি শুরু করেন। এ সময় একদল ডাকাত শহরের খাজা আহমঞ্চদ সড়কের আবেদীন জুয়েলার্সে ঢুকে সাত-আট মিনিটের মধ্যে দোকানের সব শোকেস ভেঙে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ডাকাতেরা পালিয়ে যাওয়ার পর ঘটনা জানাজানি হয়।
ডাকাতেরা কী পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রসঙ্গত, ‘আবেদীন জুয়েলার্স’ ফেনীর পুরোনো ও বড় স্বর্ণের দোকান।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, তিনি বিষয়টি শুনেছেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সমর্থ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডাকাতির প্রতিবাদে ফেনী জুয়েলারি মালিক সমিতি আজ রোববার জেলার স্বর্ণদোকানে ধর্মঘট আহ্বান করেছে। সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আরিফুল হোসেন ধর্মঘট সফল করার জন্য স্বর্ণের দোকানের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।