ফেনীতে ব্যবসায়ীকে কুপিয়ে গাড়ি ছিনতাই অস্ত্র লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত মঙ্গলবার দিবাগত রাতে সড়কে ব্যারিকেড দিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে তাঁর কাছ থেকে দুটি বৈধ অস্ত্র, টাকা ও গাড়ি ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতেরা।
পুলিশ জানায়, ফেনী মডেল থানার পুলিশ গতকাল বুধবার ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার ও চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। তবে ব্যবসায়ীর লুট হওয়া অস্ত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। আহত ব্যবসায়ীকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মডেল থানার পুলিশ জানায়, গোলাম আজম নামের এক ব্যবসায়ী তাঁর জিপ গাড়ি নিয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালী যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে একদল ডাকাত ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে তাঁর গাড়ির গতিরোধ করে। ডাকাতেরা তাঁকে কুপিয়ে গাড়ি, টাকা ও তাঁর বৈধ অস্ত্র ছিনতাই করে নিয়ে যায়। পরে টহল পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, ছিনতাই করা জিপটি নিয়ে ডাকাতেরা ফেনীর লালপুল এলাকায় ছিনতাই করে এবং ফেনী-সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনী চিন্তারপুল এলাকায় সড়কে ডাকাতির সময় টহল পুলিশের সামনে পড়ে। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে। পুলিশ এ সময় তাদের ধাওয়া করে। পরে গতকাল ভোরে এলাকাবাসীর সহযোগিতায় পাশের গ্রাম থেকে এক ডাকাতকে গ্রেপ্তার ও জিপটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ফেনী শহরের বিভিন্ন এলাকা থেকে আরও তিন ডাকাতকে গ্রেপ্তার করে।
ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. সামছুল আলম সরকার বলেন, ওই ব্যবসায়ীর বৈধ পিস্তল ও শাটারগানটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।