ফেনীতে ব্যবসায়ী সাইফুল ১২ দিন ধরে নিখোঁজ!
পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হওয়ার ১২ দিন পরও ফেনীর ব্যবসায়ী সাইফুল ইসলামের (৩২) পরিবার তাঁর কোনো খোঁজ পায়নি। পুলিশও তাঁর সম্পর্কে কোনো খোঁজখবর করতে পারেনি।সাইফুল ৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। তাঁর স্ত্রী নূর নাহার ৯ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় একটি জিডি করেছেন। তিনি ধারণা করছেন, তাঁর স্বামীকে গুম করা হয়েছে। সাইফুল ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়ার আবদুল খালেকের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নূর নাহার বলেন, তাঁর স্বামী একজন ব্যসায়ী। বেশ কিছুদিন ধরে ফেনী সদর উপজেলার লেমায়া বাজারের পোলট্রি খামার ব্যবসায়ী আকবর মিয়ার সঙ্গে তাঁর ব্যবসায়িক সখ্য গড়ে ওঠে। কয়েক মাস আগে আকবর মিয়া সাইফুল ইসলামকে ব্যবসায়িক অংশীদার করার জন্য কিছু টাকা এবং কিছু টাকা ধারসহ মোট সতের লাখ টাকা নেন। আকবর মিয়া টাকা নেওয়ার সময় জামানত হিসেবে নিজের স্বাক্ষর করা একাধিক স্ট্যাম্প ও অগ্রিম ব্যাংক চেক প্রদান করেছিলেন।৬ সেপ্টেম্বর সকালে আকবর মিয়া তাঁর স্বামীকে মোবাইলে ফোন করে পাওনা টাকা ফেরত দেবেন বলে জানান এবং টাকা আনার জন্য সাইফুলের কাছে থাকা আকবরের স্ট্যাম্প ও ব্যাংক চেকগুলো সঙ্গে নিয়ে লেমুয়া বাজারে যেতে বলেন। তিনি পাওনা টাকা ফেরত পাওয়ার আশায় আকবরের দেওয়া স্ট্যাম্প ও ব্যাংক চেক নিয়ে লেমুয়া বাজারে যাওয়ার কথা বলে শহরের পূর্ব উকিলপাড়ার বাসা থেকে বের হন। ওই দিন দুপুরে সাইফুল মোবাইল ফোনে স্ত্রী নূর নাহারকে জানিয়েছিলেন যে তিনি লেমুয়াতে আকবর মিয়ার সঙ্গে আছেন এবং দুপুরের খাবার তাঁর বাড়িতে খেয়ে বিকেলে টাকা-পয়সা নিয়ে বাসায় ফিরে আসবেন। কিন্তু বিকেল পর্যন্ত সাইফুল ফিরে না আসায় তাঁকে মোবাইলে ফোন করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর আকবর মিয়াকে মোবাইলে ফোন করা হলে তিনি জানান যে সাইফুল তাঁ বাড়িতে যাননি। তারপর নূর নাহার সম্ভাব্য সব আত্মীয়স্বজনের কাছে স্বামীর খোঁজখবর পাওয়ার চেষ্টা করেন এবং স্বামীর খোঁজ না পেয়ে ৯ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেন। এ ছাড়া স্বামীকে খুঁজে না পাওয়ার বিষয়টি তিনি স্থানীয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্যাম্পে জানানোর পর তারাও খোঁজখবর নিয়েছে। কিন্তু কোনো সন্ধান করতে পারেনি।নূর নাহারের অভিযোগ, পাওনা টাকার জামানত হিসেবে সাইফুলের সঙ্গে থাকা স্ট্যাম্প ও ব্যাংকের চেকগুলো কেড়ে নিয়ে তাঁকে গুম করা হয়েছে। তিনি স্বামীকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহের কাছে অনুরোধ জানিয়েছেন।