ফেনীতে ব্যবসায়ীকে কুপিয়ে আহত, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী বাজারে গত শনিবার রাতে আবদুর রহিম শামীম (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার রাত আটটার দিকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দোকানে ঢুকে বিরলী বাজারের ‘সামিয়া ইত্যাদি কুলিং কর্নার’-এর মালিক আবদুর রহিমকে কুপিয়ে আহত করে। পরে ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বিকেলে ব্যবসায়ীরা বাজারের দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, গত কিছুদিন ধরে স্থানীয় একদল সন্ত্রাসী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে ব্যবসায়ীদের ওপর হামলা-নির্যাতন চলে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় আবদুর রহিম ফেনী থানায় মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।