ফেনীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল মঙ্গলবার মো. ইউছুফ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের অভিযোগে জনতা মিলন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করলেও কয়েকজন যুবক তাঁকে ছিনিয়ে নিয়ে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ফেনী শহরের জগন্নাথ বাড়ি সড়কের বস্ত্র হকার মার্কেটের ব্যবসায়ী মো. ইউছুফ ইসলামী ব্যাংকের কলেজ রোড শাখা থেকে টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বেরিয়ে তিনি শহরের গুদাম কোয়ার্টার রেলগেট এলাকায় রিকশায় উঠে নিজ দোকানের দিকে রওনা হন। এ সময় তিন-চারজন অস্ত্রধারী ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মিলন নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং ফেনী থানায় খবর দেন। ছিনতাইকারী মিলনের বাড়ি পৌরসভার বারাহিপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থলে পেঁৗছার আগেই মিলনের ভাই হাসান মাহমুদের নেতৃত্বে কয়েকজন যুবক সেখানে গিয়ে লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে মিলনকে ছিনিয়ে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যবসায়ী মো. ইউছুফকে ফেনী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
ব্যবসায়ী মো. ইউছুফ জানান, তিনি ব্যাংক থেকে তিন লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করেন। ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে সব টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।