ফেনী শহরে গত শুক্রবার রাতে আবুল হাসান মাহমুদ কায়সার (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ছাড়া গতকাল শনিবার জেলার দাগনভূঞা থেকে অজ্ঞাতনামা এক নারীর এবং ছাগলনাইয়া থেকে মো. ছিদ্দিক (২৮) নামের এক দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ব্যবসায়ী আবুল হাসান মাহমুদ কায়সার তাঁর স্ত্রী শাহনাজ নাদিয়াকে নিয়ে ট্রাংক রোডের লতিফ টাওয়ারের শ্বশুরের বাসা থেকে রিকশাযোগে রামপুরের বাড়ি যাচ্ছিলেন। এ সময় শহরের পাঠানবাড়ী সড়কে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁদের রিকশার গতিরোধ করে। দুর্বৃত্তরা আবুল হাসানকে টেনেহিঁচড়ে রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর দুই হাতের রগ কেটে দেয়। এ সময় দুর্বৃত্তদের হাত থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে শাহনাজ নাদিয়া গুরুতর আহত হন। আবুল হাসান ও তাঁর স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ওই সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক আবুল হাসানকে মৃত ঘোষণা করেন। শাহনাজ নাদিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আবুল হাসান মাহমুদ কায়সারের বাড়ি ফেনী পৌরসভার রামপুরে।
ফেনী মডেল থানার পুলিশ আবুল হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, পূর্বশত্রুতার জের ধরে ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে গতকাল সকালে ছাগলনাইয়ার পশ্চিম মধুগ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মো. ছিদ্দিক (২৮) নামের এক দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বালুচর সোনালী গ্রামে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় হত্যা মামলা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, মো. ছিদ্দিকের মাথায় আঘাতের চিহ্ন ও শ্বাসরোধের আলামত দেখা গেছে।
এ ছাড়া গতকাল দুপুরে দাগনভূঞার রামনগর ও বরইয়া গ্রামের সীমানায় এক নারীর অর্ধগলিত লাশ (৩৫) পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় দাগনভূঞা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।