ফেনীতে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সন্ত্রাসীরা গতকাল শুক্রবার বিকেলে এক ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। তাঁকে ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি ফেনী শহরের পুরান বাজারের ব্যবসায়ী ও দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের মৃত বজলের রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বিকেলে ফেনী শহরের পুরান বাজারের চৌধুরী স্টোরের মালিক আরব আলীকে (৩৫) সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মুমূর্ষু অবস্থায় সেখানে ফেলে চলে যায়। স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গতকাল সকালে শহরের রামপুর এলাকার জনৈক কুতুব উদ্দিনের সঙ্গে আরব আলীর দোকানের সামনে অন্য এক ব্যক্তির একটি তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। আরব আলী সেখানে মধ্যস্থতা করেন। এতে কুতুব উদ্দিন ক্ষিপ্ত হয়ে চলে যায়। বিকেলে আরও চার-পাঁচজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে সকালের ঘটনায় মধ্যস্থতার অপরাধে আরব আলীর ওপর সশস্ত্র হামলা চালায়।ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ খান চৌধুরী বলেন, শহরের পুরান বাজারের ব্যবসায়ী আরব আলীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনা তাঁরা শুনেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।