ফেনীতে ব্যাংকে ব্যবসায়ী হত্যায় এ পর্যন্ত গ্রেপ্তার ৪
ইসলামী ব্যাংকের ফেনী শাখা ভবনের ভেতরে গত রোববার এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পরদিন দুই কর্মকর্তাকে এবং গত বুধবার ব্যাংকের দুই নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়। প্রহরীদের গতকাল বৃহস্পতিবার ফেনীর বিচারিক আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।রোববার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এফ রহমান মার্কেটের কাপড় ব্যবসায়ী শাহাদাত হোসেনের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ এনে ব্যাংকের ভেতরে তাঁকে নির্মমভাবে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। গত সোমবার নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসারসহ ১৫-২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ব্যবস্থাপক) মো. শহীদ উল্লাহ ও প্রিন্সিপাল অফিসার আবদুর রহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেন।পুলিশ জানায়, ব্যবসায়ী শাহাদাত হোসেন হত্যায় জড়িত সন্দেহে গতকাল দুই নিরাপত্তা প্রহরীকে ফেনীর বিচারিক আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। দুই নিরাপত্তা প্রহরী আবু সাঈদের (৫০) বাড়ি বাগেরহাটের খানেপুর এবং শাহাদাত হোসেনের (২৪) বাড়ি ফেনীর ছাগলনাইয়ার বল্লভপুরে।আদালত সূত্র জানায়, ফেনী সদর আদালতের বিচারিক হাকিম মো. এমদাদ উল্লাহ গ্রেপ্তার করা চার কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।