ফেনীতে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, গুলিতে নিহত ২
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ রোববার সকালে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলিতে দুজন নিহত হন। গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উত্তর চরচান্দিয়া ওয়ার্ড যুবদলের সহসভাপতি জামশেদ আলম (২৭) এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহ (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় যুবদল ও ছাত্রদলের একদল কর্মী-সমর্থক উত্তর চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। তাঁরা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করেন। এ সময় পুলিশের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হন। সোনাগাজী হাসপাতালে নেওয়ার পথে জামশেদ আলম মারা যান। ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের পর শহীদুল্লাহ মারা যান।
ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে সোনাগাজীর উত্তর চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সওদাগর হাট মাহমুদিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
গতকাল শনিবার রাত থেকে ফেনী-৩ আসনের সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক ভীতি দেখা দেয়।
সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি খুবই কম। ভোটকেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা। চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব মহেষচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৬৩২ জন ভোটারের মধ্যে কোনো ভোটারই ভোট দিতে যাননি বলে জানান কেন্দ্রে প্রিসাইডং কর্মকর্তা হারিছ চৌধুরী। দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৪৩২ ভোটের মধ্যে ভোট দিয়েছেন মাত্র দুজন।
জেলা পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ সহিংসতার কারণে দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত এবং ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় আহত হয়ে দুই যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।