ফেনীতে ভাঙচুর, পুলিশের ধাওয়া, আহত ৪
ফেনীতে ১৮ দলের ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার শিবির কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় দুটি কাভার্ড ভ্যান ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং একটি আগের পোড়ানো গাড়ি দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে এবং ১১ রাউন্ড শর্টগানের গুলি করে। এতে দুই পথচারীসহ চারজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে শিবির কর্মীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠের গেটে একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে এবং ১১ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে দুই পথচারীসহ চারজন আহত হন।
আহত দুইজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন স্টার লাইন পরিবহনের কর্মচারী মো. সবুজ (২৮) ও মো. শামীম (৩১)। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপর দুইজনের পরিচয় জানা যায়নি।
এরপর শিবির কর্মীরা মহাসড়কের মহিপাল এলাকায় দুটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন এবং সড়কের পাশে পড়ে থাকা কয়েক দিন আগে পোড়ানো একটি বাস আবার সড়কের ওপর রেখে সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানেও পুলিশ তাঁদের ধাওয়া করে এবং অবরোধ সরিয়ে ফেলে।