ফেনীতে ভারতীয় শাড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে প্রায় এক হাজার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শামীম ইফতেখারের নেতৃত্বে বিজিবির সদস্যরা ফেনী-বিলোনিয়া সড়কের ফুলগাজী উপজেলার কালিরহাট ইটভাটার সামনে অবস্থান নেন। এ সময় ফুলগাজীর দিক থেকে আসা একটি ট্রাককে থামার সংকেত দেন বিজিবির সদস্যরা। ওই সময় ট্রাক ফেলে চালকসহ তিন-চারজন দৌড়ে পালিয়ে যান। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৫৭টি বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা শাড়ির আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শামীম ইফতেখার জানান, উদ্ধার করা শাড়ি ফেনীর শুল্ক গুদামে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।