ফেনীতে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে চোরাচালান হয়ে আসা ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চোরাচালানবিরোধী টাস্কফোর্স। গতকাল শুক্রবার ভোরে ফেনী-পরশুরাম সড়কের ফেনী সদর উপজেলার বন্দুয়া সেতু এলাকায় একটি পিকআপ থেকে চোরাই পণ্যসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
টাস্কফোর্সের নেতৃত্বে থাকা অন্যতম নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ বন্দুয়া সেতু এলাকা থেকে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ একটি পিকআপ (মিনি ট্রাক) আটক করে। জব্দ করা পোশাকের মধ্যে ৭৪০ টি থ্রিপিস এবং ৫৬০টি শাড়ি রয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ সময় পিকআপে থাকা তিনজনকে গ্রেপ্তার করে টাক্সফোর্সের সদস্যরা। এঁরা হলেন ফুলগাজী বাজারের শহীদুল ইসলাম (৩০) ও মো. আরিফ (২৫) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের রাজবল্লভপুর গ্রামের মীর হোসেন (২০)। গ্রেপ্তার হওয়া তিনজনকে ফেনী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ফেনী থানায় একটি মামলা করা হয়েছে।