ফেনীতে গত শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ১৪ লাখ টাকা দামের ভারতীয় শাড়ি, থ্রিপিস ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় একটি কাভার্ড ভ্যান, চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়।পুলিশ জানায়, শুক্রবার রাতে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর রেলক্রসিং এলাকায় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সাজাহান (৪০) সংকেত উপেক্ষা করে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে এটি ধরে। পরে চালক ও তাঁর সহকারী জাকারিয়া মাহমুদকে (১৯) আটক করা হয়। পুলিশ কাভার্ড ভ্যানের ভেতর থেকে ৩১৮ পিস ভারতীয় শাড়ি ও থ্রিপিস, ১২ হাজার ৬৯০টি যৌন উত্তেজক ট্যাবলেট সিনাগ্রা এবং ৮৯০টি ডিপো সেন্ড্রোল উদ্ধার করে। এসব মালামালের দাম প্রায় ১৪ লাখ টাকা। এ ঘটনায় ফেনী থানায় মামলা হচ্ছে।ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন কাভার্ড ভ্যানসহ মালামাল আটক এবং দুইজন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।