ফেনীতে ভাষা প্রতিযোগ শুরু

ফেনীতে শুরু হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার মোট এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।
আজ শুক্রবার সকাল আটটা থেকে শিক্ষার্থীরা ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় উৎসবস্থলে জড়ো হতে শুরু করে। সকাল নয়টার মধ্যে অনুষ্ঠান চত্বর পূর্ণ হয়ে যায়। উৎসবমুখর হয়ে ওঠে পরিবেশ। প্রতিযোগে অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মধ্যে ভাষা নিয়ে উচ্ছ্বাস দেখা যায়।
সকাল সোয়া নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ। পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আ ফ ম দানীউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। পরে অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর চারটি বিভাগের শিক্ষার্থীরা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুবুল হক, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান আলী হোসেন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, শ্রীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা।
ভাষা প্রতিযোগের এ আয়োজন ১৩ বছর পূর্তি হলো। এ বছর উৎসবের সহযোগিতায় রয়েছে গণসাক্ষরতা অভিযান।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রথম আলোর আয়োজনে আজকের এই ভাষা প্রতিযোগের মতো উৎসব শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলবে। এর মধ্য দিয়ে শুদ্ধ বাংলা চর্চা হবে এবং বাংলা ভাষা সমৃদ্ধ হবে।