ফেনীতে ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
ফেনীতে এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসাসেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। আদালত তাৎক্ষণিকভাবে তাঁকে পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে ফেনী জেলা কারাগারে পাঠিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী শহরের কেন্দ্রস্থল ট্রাংক রোডের শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারে কোনো ধরনের এমবিবিএস ডিগ্রি বা সনদ না থাকা সত্ত্বেও মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি দীর্ঘদিন থেকে চিকিৎসক সেজে সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আমিনুল হকের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মৃধা ওই শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। চিকিৎসক পদবি ব্যবহারকারী মিজানুর রহমানকে তাঁর সনদপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মহসিন মৃধা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০-এর বিধান ভঙ্গ করার অপরাধে তাঁকে এক মাসের কারাদণ্ড প্রদান এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।এ সময় ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার পাল উপস্থিত ছিলেন।